খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে আজমুল হোসেন নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামে একজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে পিরোজপুরের স্বরূপকাঠি থানা এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
হত্যা মামলার তদন্তের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা জানান, হাসনাত হাবিব রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের ১৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি কৃষি ব্যাংকে চাকরি পান। আজমুলদের মেসে থেকেই তিনি ব্যাংকে যাতায়াত করতেন।
আটক রিফাতের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী গ্রামে।
নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, আজমুলকে মারধরের সময় রিফাত উপস্থিত ছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অপবাদ দিয়ে আজমুলকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি চারতলা ভবনের ছাদ থেকে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি ছাদ থেকে লাফ দিয়েছিলেন, নাকি তাঁকে মেরে ফেলে দেওয়া হয়েছিল—তা তদন্ত করছে পুলিশ।
এ ঘটনায় আজমুলের বাবা কুতুব উদ্দীন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে নগরীর হরিণটানা থানায় হত্যা মামলা করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম