খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজা ও দু'টি মোটর সাইকেল জব্দসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃত আসামীদের আজ রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শনিবার দিবাগত রাত ১টার দিকে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে এক অভিযান পরিচালনা করে।
এ সময় চুকনগর থেকে ছেড়ে আসা ২ টি মোটরসাইকেল কে সিগন্যাল দিলে চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করে এবং গাড়িতে তল্লাশী চালিয়ে ৩ কেজি ওজনের গাঁজার একটি ব্যাগ উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গার খুলিয়া এলাকার ওলিউর রহমানের ছেলে সাকিবুর রহমান (৩০), খুলনার টুটপাড়ার বাসিন্দা কিতাব আলী হাওলাদারের ছেলে ডালিম হাওলাদার (২৫) ও গোপালগঞ্জের টুঙ্গীপাড়া এলাকার মৃত শেখ স্বপন হোসেনের ছেলে ওলি-বিন হোসেন দ্বীপ (২৮)।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, ৩ কেজি গাঁজাসহ ২টি মোটর সাইকেল ও ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করেছে এদের কাজ ছিল বেনাপোল বন্দর থেকে গাঁজা নিয়ে খুলনা শহরসহ বিভিন্ন জেলায় সাপ্লাই দেয়া।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম