খুলনার পাইকগাছায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ-এমপি, পুলিশ, ইউপি চেয়ারম্যান,রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের পকেট মারের ঘটনায় অভিযুক্ত সেই চোর ও পকেট মার ইসহাক শেখ ( ৫৬) কে গ্রেফতার করে আজ শুক্রবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের ভিডিও ফুটেজে ইসহাকে সনাক্ত করে বৃহস্পতিবার সন্ধ্যার পুর্বে রুপসা বাসস্ট্যান্ড ক্যাম্প পুলিশের সহায়তায় এসআই তকবীর হুসাইন, এএসআই নাজমূল আনিছ তাকে আটক করেন। ইসহাক রুপসার নৈহাটি গ্রামের মৃতঃ জজ আলীর ছেলে।
এদিকে পকেটমারের শিকার ”কপিলমুনির জন্মভূমি” পত্রিকার প্রতিনিধি সাংবাদিক তপন পাল বাদী হয়ে শুক্রবার ইসহাকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
সংশ্লিষ্ট সুত্র জানা গেছে,গত ২ রা আগস্ট পাইকগাছার রাড়ুলীতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র ( পিসি) রায়ের ১৬১ তম জন্মবার্ষিকী'র নানা কর্মসূচি ছিল।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে,এম খালিদ-এমপি। তিনি অনুষ্ঠান স্থলে পৌছানোর পুর্বে সকালে কপিলমুনিতে স্থাপিত ৭১'র মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতি কমপ্লেক্স আসেন। এ সময় ভিআইপি অতিথি সহ বহু মানুষের ভীড়ে ঠাসা ছিল জায়গাটি। এ ভীড়ের মধ্যে মন্ত্রী,এমপি,ওসি'র সম্মুখ থেকে সুকৌশলে ইসহাক কপিলমুনি ইউনিয়ন আ'লীগ সভাপতি যুগোল কিশোর দে'র পাঞ্জাবীর পকেট থেকে ১৮'শ টাকা, কপিলমুনির ইউপি চেয়ারম্যান কওসার আলীর ৯ হাজার টাকা,স্থানীয় প্রেসক্লাব সম্পাদক আঃ রাজ্জাক রাজু’র একটি নোকিয়া বাটন মোবাইল চুরি করে ইসহাক। মন্ত্রী চলে যাবার পরেই এ ঘটনা জানাজানি হলে খবরটি ফেসবুকে ভাইরাল হয়। পরবর্তীতে সাংবাদিকদের মোবাইলে ধারনকৃত ছবি দেখে পুলিশ ইসহাককে গ্রেফতার করে। ধৃত ইসহাক ১৮শ টাকা চুরির কথা স্বীকার করে বলে, এখানে আরোও ক'জন পকেটমারের অবস্থান ছিল।
এ ঘটনায় পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, ধৃত ইসহাক আন্তঃ বিভাগীয় পকেটমারের মূল হোতা। সে ইতোপূর্বেও ঝিনাইদহে আটক হয়েছিল।তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম