জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক এসআই মো. আলী আকবর শেখ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। বুধবার খুলনা দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনার (মহানগর) সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাদি বিজন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়,খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া, মেইন রোডের আঞ্জুমান মঞ্জিলের (হোল্ডিং নং-১৮/২) বাসিন্দা এসআই মো. আলী আকবর শেখ (সাময়িক বরখাস্ত) ও তার স্ত্রী
মিসেস নাজমা আকবরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২১ লাখ ৮২ হাজার ৯৪৩ টাকার অবৈধ সম্পদ গোপনকরা এবং মিথ্যা তথ্য প্রদানসহ ৮৮ লাখ ২২ হাজার ৯৭২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করার অপরাধ করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) এবং ২৬(২) ধারা তৎসহ দন্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা দায়ের করা হলো। এজাহারটি আদালতে প্রেরণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম