খুলনার ডুমুরিয়ার গুটুদিয়ার মাগুরখালী নদীতে দেয়া অবৈধ নেট-পাটা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।আজ সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ এ অভিযানের নেতৃত্ব দেন।
জানা গেছে, উপজেলার গুটুদিয়া ইউনিয়নের মাগুরখালী নামক নদীতে কতিপয় প্রভাবশালী ব্যক্তি দীর্ঘ দিন ধরে নদীতে নেট-পাটা দিয়ে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করে আসছিলো। বিষয়টি অবগত হয়ে সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ হতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময়ে নদীতে থাকা প্রায় অর্ধশত নেট-পাটা উচ্ছেদসহ শাহজান শেখের একটি বেহুন্দি জাল জব্ধ করে পুড়িয়ে বিনষ্ট করেন। এছাড়া নদীতে নেট-পাটা দেওয়ার অপরাধে গুটুদিয়া গ্রামের হারুনুর রশীদ নামে এক যুবককে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অভিযানে সহায়তা করেন সিনিয়র উপেজলা মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, থানা পুলিশের এসআই শিহাব উদ্দিন, ভদ্রা-সালতা পানি ব্যবস্থাপনা এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ এনামুল হোসেন। প্রশাসনের পক্ষ থেকে আগামী ৩ দিনের মধ্যে নদী থেকে নেট-পাটা অপসারণ না করলে পাটা মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম