মেহেরপুরের গাংনীতে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিএনপির অফিস ভাংচুর হয়েছে।
শনিবার দুপুরে গাংনী বাজারে ধাওয়া পাল্টা ধাওয়ায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও পুলিশের উপস্থিতিতে গাংনী উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
গাংনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা বলেন, বিএনপি কার্যালয়ে কিছু নেতা-কর্মী বসেছিল। ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে মিছিল করে। মিছিল থেকে গিয়ে বিএনপির কার্যালয়ে অতর্কিত হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে পরে বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় ব্যাবসায়ীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের পাল্টা ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আবারো তারা বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে।
এদিকে ছাত্রলীগের গাংনী উপজেলা সভাপতি আমিরুল ইসলাম সেন্টু বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশের জামাত-বিএনপি'র নৈরাজ্য প্রতিহত করার জন্য বিক্ষোভ মিছিল করে গাংনী উপজেলা ছাত্রলীগ। এসময় গাংনী বাস স্ট্যান্ড সৈয়দ রেজাউল চত্বরে মিছিলটি পৌঁছালে বিএনপি'র নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে । পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম