নড়াইলের লোহাগড়া উপজেলায় জুলাই অভ্যুত্থানে ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সভাপতি চঞ্চল শাহরিয়া মিমকে (৩০) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১মে) সন্ধ্যায় উপজেলার লক্ষীপাশার ডাক বাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। চঞ্চল শাহরিয়া মিম নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে
পুলিশ সুত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আলাদা ভাবে ৩টি মামলায় দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতাকর্মীরা।
গত বছরের ১৬ সেপ্টেম্বর, ১৩ নভেম্বর ও ৯ ডিসেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলায় চঞ্চল শাহরিয়া মিম আসামি রয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আশিকুর রহমান শুক্রবার (২মে) সকালে বলেন, অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম