নড়াইলের লোহাগড়া উপজেলায় কাজী ইমরান আহমেদ (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর পাকার মাথা বটতলায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
আহত কাজী ইমরান পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে খুলনায় কর্মরত । তিনি পাংখারচর গ্রামের মৃত নাজির আহমেদ এর ছেলে। ওইরাতে নিজ গ্রামের কাজী পাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা কাজী ইমরান স্থানীয় এক ভাতিজির বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য খুলনা থেকে গ্রামের বাড়িতে রওনা করেন। বুধবার রাত ১০ টার দিকে পাংখারচর পাকার মাথা বটতলায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত ওই কর্মকর্তার গাড়ি চালককে অস্ত্রের মুখে জিম্মি করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করেন। দুর্বৃত্তের দল আগ্নেয়াস্ত্রের মহড়া দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে গেলে স্থানীয়রা আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম