নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মুমিনুল ইসলাম সুইট (২৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রোববার সকাল সোয়া ৭ টার দিকে উপজেলার মহাদেবপুর-সতিহাট আঞ্চলিক সড়কের দোহালী নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত মুমিনুল ইসলাম সুইট পার্শ্ববর্তী জেলা রাজশাহীর বনগ্রাম গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা সোয়া ৭ টার দিকে নিহত মুমিনুল ইসলাম সুইট মোটরসাইকেল যোগে সতিহাটের দিক থেকে মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে মহাদেবপুর থেকে সতিহাটগামী একটি ভটভটির সাথে ধাক্কা খায়। এ সময় সে তার মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঢাকা রির্পোট ২৪.কম কে বলেন, আজ সকালে ভটভটির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সেই ভটভটির চালক পালিয়ে গেলেও ঘাতক ভটভটিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম