নওগাঁর নিয়ামতপুরে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় হারুন (৪৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাজিনগর ইউনিয়নের নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় যুবককে আটক দেখিয়ে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। আটককৃত ব্যক্তি উপজেলার হাজিনগর ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাজিনগর ইউনিয়নে নুরপুর গ্রামে নিজ বাড়িতে কাজ করছিলেন গৃহবধূ। এ সময় স্বামী বাড়িতে না থাকায় প্রতিবেশি হারুন বাড়িতে ঢুকে ঘরে প্রবেশ করে, গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারের শব্দ শুনে স্বামীসহ আশেপাশের লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভেঙ্গে আপত্তিকর অবস্থায় হারুনকে আটক করে। পরে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে হারুনকে আটক করে নিয়ে আসে।
গৃহবধূর স্বামী আনোয়ার হোসেন বলেন, আমি জমিতে ঘাস কাটার জন্য বাড়ির পাশের জমিতে যাই। আমি বাড়িতে না থাকার সুযোগে হারুন আমার বাড়িতে ঢুকে। আমার স্ত্রীর মুখ ও গলা চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে দাবি করেন তিনি।
নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ধর্ষককে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম