আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন ও মাহমুদুল হাসান জয়।
সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ১৭ জনের দল ছিল।এবার ১৫ জনের দল। বাদ পড়েছেন- নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।
প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নিয়মিত টেস্ট খেলা এবাদত । সর্বশেষ নিউজিল্যান্ডে সফরে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ছিলেন তিনি। এছাড়া যুব বিশ্বকাপজয়ী দলের টপ অর্ডার ব্যাটার জয়ের টেস্ট দিয়ে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডে। সেখানে ভালো পারফরম্যান্সের পর বিপিএল দারুণ কাটিয়েছেন এই ওপেনার।
এছাড়া ওয়ানডে দলে ফিরেছেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন- নাসুম আহমেদ, ইয়াসির আলী ও নাজমুল হোসেন শান্ত।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘হেড কোচ, অধিনায়ক সবার সঙ্গে আলোচনা করেই স্কোয়াডটা রেডি করা হয়েছে। সবার সম্মতিক্রমেই স্কোয়াডটা দেওয়া হয়েছে।এই সিরিজে ভালো ক্রিকেট খেলবো ইনশাআল্লাহ।’
আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই লিগের পয়েন্ট তালিকার শীর্ষ আটে থাকতে হবে। এজন্য দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ,তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম,মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ,মাহমুদুল হাসান জয়,ইয়াসির আলী।