টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। ভারতের প্রথম ইনিংসে বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারাকে বল টেম্পারিং করে আউট করা হয়েছে বলে মনে করেন সাবেক এই ব্যাটসম্যান। এমন ঘটনা বুঝতে না পারায়, ভারত ক্রিকেট বোর্ডেরও সমালোচনা করেন তিনি।
ইংল্যান্ডে চলছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে এখন পর্যন্ত খুব একটা ভালো অবস্থানে নেই ভারত। প্রথম ইনিংসের শুরুতে স্কোরবোর্ডে ৭১ রান তোলার আগেই গিল, রোহিত, পুজারা ও বিরাটকে হারিয়ে চাপে পড়ে যায় গতবারের রানার আপরা। সেখান থেকে আজিঙ্কা রাহানের ব্যাটিং নৈপুণ্যে ২৯৬ রানে করে ফলো-অন এড়ায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে ভারতের এ রকম অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারছেন না ভারতীয়রা। তবে ভারতের দ্রুত উইকেট হারানোর পেছনে ভিন্ন এক কারণের কথা জানালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।
ভারত-পাকিস্তানের বৈরিতার কথা সবারই জানা। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রতিবেশী দেশের সাবেক ক্রিকেটারের সমর্থনই পেল ভারত। বাসিত আলীর মতে, ভারতকে বল টেম্পারিং করে হারানোর চেষ্টা করছে অস্ট্রেলিয়া।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'অস্ট্রেলিয়া নিখুঁতভাবে বল টেম্পারিং করছে। কেউই কিছু বুঝতে পারছে না। ভারতীয় ব্যাটসম্যানরা বল ছেড়ে দিতে গিয়ে বোল্ড হচ্ছেন। স্টার্কের যে বলে কোহলি আউট হলো, সে সময় বলের শাইনিং সাইড বাইরের দিকে থাকলেও বলটা গেছে উল্টো দিকে। আবার জাদেজা খেলল অন সাইডে, বল চলে গেল পয়েন্টের দিকে। বারবারই বল রিভার্স সুইং করছিল। সাধারণত ৪০-৪৫ ওভার পর ডিউক বলে রিভার্স সুইং পাওয়া যায়। তবে অস্ট্রেলিয়ানরা ১৫ ওভার পরই তা করতে পারছে।
শুধু অস্ট্রেলিয়ানদের নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডেরও সমালোচনা করেছেন সাবেক এই ব্যাটার। অজিদের এমন কাণ্ড বিসিসিআইয়ের চোখ এড়িয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বাসিত।
তিনি বলেন, 'আমি অবাক! বিসিসিআই এত বড় বোর্ড। তারা কি এটা দেখেনি? মনে হচ্ছে তারা ক্রিকেটের প্রতি মনোযোগী নয়। ভারত ফাইনালে উঠেছে এতেই তারা খুশি।'
২০১৮ সালে বল টেম্পারিং নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনার জন্ম দেয় অস্ট্রেলিয়া। বল বিকৃত করার দায়ে সে সময় অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটারকে পেতে হয়েছিল কঠিন শাস্তি। সেই শাস্তি পেয়েছেন বর্তমান অস্ট্রেলিয়া দলের দুই ব্যাটার স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারও। পাঁচ বছর আবার অজিদের বিরুদ্ধে একই অভিযোগ তুললেন বাসিত। যদিও বাসিত আলীর গুরুতর এই অভিযোগ ক্রিকেট বিশ্বে আলোচনার ঝড় তুলতে পারেনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম