অস্ট্রেলিয়ান ওপেন টেনিস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কার্লোস আলকারেজ, নাওমি ওসাকা এবং ভেনাস উইলিয়ামস। এবার শঙ্কা তৈরি হয়েছে আরেক তারকা নোভাক জোকোভিচকে ঘিরে। ইনজুরির কারণে বছর শুরুর গ্র্যান্ড স্ল্যামে সার্বিয়ান তারকার অংশ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
অস্ট্রেলিয়ান ওপেনের গত আসরে অংশ নেওয়া হয়নি জোকোভিচের। করোনা টিকা নিয়ে নিজের অবস্থানের কারণে তাকে অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়া হয়েছিল। করোনা নীতিমালা শিথিল হওয়ায় এবার আর সেই সমস্যা নেই। কিন্তু এবার তার পিছু নিয়েছে নতুন আরেক শঙ্কা।
দক্ষিণ অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড ইন্টারন্যাশনালের সেমিফাইনালে দানিল মেদভেদেভের মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ। মেডিকেল টাইম আউট নিয়ে তাকে সেই ম্যাচ খেলতে হয়। এরপরও ম্যাচে জয় পান তিনি। এমনকী ফাইনালে সেবাস্তিয়ান করদার বিপক্ষেও জিতেছেন ৩৫ বছর বয়সী এই তারকা।
শঙ্কা থাকলেও ইনজুরি তার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না বলে জানান জোকোভিচ, ‘অনেক সময় মনে হচ্ছিল আমার পা আড়ষ্ট হয়ে আসছে। কিন্তু এটা এখন ঠিক হয়ে গেছে। আমার পারফরম্যান্স নিয়ে আমি মোটেও চিন্তিত নই।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম