ফিফা র্যাংকিংয়ে ব্রাজিল এক আর জাপান তেইশ নাম্বারে। সুতরাং দুই দলের মধ্যে শক্তিমত্তার পার্থক্য অনেক। খেলার মাঠে ব্রাজিল প্রভাব বিস্তার করলেও গোল পেতে রীতিমত ঘাম ঝরলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ফিফা প্রীতি ম্যাচে সোমবার (৬ জুন) জাপানের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে নেইমারের দল। পেনাল্টি থেকে তার একমাত্র গোলে টানা ১৩ ম্যাচ অপরাজিত রইলো সেলেসাওরা।
ম্যাচের শুরু থেকেই জাপানকে চাপে রাখে ব্রাজিল। প্রথমার্ধে ১৫ শটের ৩টি লক্ষ্যে থাকলেও গোলের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অপরদিকে জাপান মাত্র দুটি শট নিতে পেরেছে যার লক্ষ্যে ছিল না একটিও। কিন্তু ব্রাজিলকে আটকে রাখতে পেরেছে তারা।
প্রথমার্ধের শেষদিকে বেশ কয়েকটি গোছানো আক্রমণ করে ব্রাজিল। ৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া রাফিনহার বাঁ পায়ের শট ছিল বেশ ক্লোজ। ৪২ মিনিটে নেইমারের বুলেট গতির শট ঝাঁপিয়ে পড়ে বাইরে বের করে দেন জাপান গোলরক্ষক শুইচি গোন্ডা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যহত থাকে ব্রাজিলের। ৫৭ মিনিটে দানি আলভেজের হেডেড পাস থেকে রাফিনহার শট পোস্টের ডানদিক ঘেঁষে চলে যায়। এরপর নেইমারের বেশ কয়েকটি চেষ্টা আটকে দেয় জাপান।
৭৫ মিনিটের মাথায় রিচার্লিসনকে বিপজ্জনক জায়গায় ফেলে দেন ওয়াতারো এন্দো। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। ডান পায়ের শটে পোস্টের বাঁদিক দিয়ে বল সহজেই জালে জড়িয়ে দেন নেইমার। জাতীয় দলের জার্সিতে এটি তার ৭৪তম গোল। আর মাত্র ৩টি গোলে পেলের রেকর্ড ছুঁবে নেইমার।
নেইমারের গোলের পরের সময়টা ব্রাজিলকে ভালোভাবেই আটকে রাখে জাপান। ফলে গোল করার মতো আর সুযোগ তৈরি করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যেখানে পুরো ম্যাচে মোট ২১টি শট নিয়েছে ব্রাজিল, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে সেখানে অন্যদিকে জাপান মাত্র ৭টি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি। তারপরও শক্তিমত্তা বিবেচনায় ব্রাজিলের এই জয় বেশ অস্বস্তিরই। সেরা ছন্দে ছিলেন না নেইমার-রিচার্লিসনরা!
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম