রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নীলফামারী

নীলফামারী-১ আসনে জোট প্রার্থী নিয়ে উত্তেজনা, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
DhakaReport24.com || 2025-12-23
নীলফামারী-১ আসনে জোট প্রার্থী নিয়ে উত্তেজনা, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নির্বাচনী সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে জোটপ্রার্থী ঘোষণা করা হলেও এ সিদ্ধান্ত ঘিরে স্থানীয় বিএনপির মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। প্রার্থীতা পরিবর্তনের দাবিতে মঙ্গলবার ডোমার ও ডিমলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নীলফামারী-১ আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। 

ঘোষণার পরপরই নীলফামারীর ডোমার ও ডিমলায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ও রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন এবং প্রার্থীতা পরিবর্তনের দাবিতে স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া জেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, এই আসনে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে জোটের প্রার্থী চাপিয়ে দেওয়া আমরা মেনে নিতে পারি না।

ডিমলা উপজেলা ছাত্রদলের আহবায়ক হালিমুল ইসলাম রাসেল বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করছেন। জনগণ তাকেই প্রার্থী হিসেবে দেখতে চায়। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

স্থানীয় নেতাকর্মীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরীকে বিএনপির প্রার্থী করার দাবি জানিয়েছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে। ইতোমধ্যে তিনি মনোনয়নপ্রত্যাশী হিসেবে এলাকায় ধারাবাহিক সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন।

সাধারণ ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা গেছে। ডিমলার এক ভোটার নজরুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্ত দল নেবে, কিন্তু এলাকার মানুষ যাকে চায় তাকে গুরুত্ব দেওয়া উচিত।

অন্যদিকে ডোমারের এক ভোটার বিউটি বেগম বলেন, আমরা এমন প্রার্থী চাই, যিনি নির্বাচনের আগে-পরে এলাকায় থাকবেন, মানুষের কথা শুনবেন। উন্নয়ন নিশ্চিত করতে পারবেন। 

এদিকে জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতারা জানিয়েছেন, জোটের সিদ্ধান্ত অনুযায়ী তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং পরিস্থিতি শান্ত রাখতে সকল পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

নীলফামারী-১ আসনে জোটের প্রার্থী নিয়ে এই টানাপোড়েন আগামী দিনে বিএনপির রাজনৈতিক কৌশলে কী প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম