শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

>> রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

>> পোশাক খাতে অস্থিরতা, বাংলাদেশ থেকে অর্ডার সরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো

>> দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

>> প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া

>> গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার

>> গোপালগঞ্জে বাস থামিয়ে তুলে নেওয়া হলো ছাত্রদল নেতাকে

>> বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রাজনীতি করার দরকার নেই: আইনমন্ত্রী

আপনি পড়ছেন : অর্থনীতি

রয়টার্স এক্সক্লুসিভ

পোশাক খাতে অস্থিরতা, বাংলাদেশ থেকে অর্ডার সরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো


DhakaReport24.com || 2026-11-27
পোশাক খাতে অস্থিরতা, বাংলাদেশ থেকে অর্ডার সরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো

বাংলাদেশ থেকে মাসিক অর্ডারের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে জারা ও এইচঅ্যান্ডএমের মতো বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া এবং বাড়তি ব্যয়ের কারণে প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ায় নভেম্বরের প্রথমার্ধে এসব অর্ডার সরানো হয়েছে বলে জানিয়েছেন তিন কারখানার মালিক।

কারখানার মালিকদের মতে, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এর বেশির ভাগই গেছে প্রতিবেশী দেশ ভারতে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি পোশাকশিল্পের জন্য এটি বড় ধাক্কা। বর্তমান অস্থিরতা কাটার পরও এই পরিবর্তন দীর্ঘমেয়াদি হতে পারে।

শিল্প খাতের নেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানিসংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশে উৎপাদন ব্যয় বেড়েছে। এতে কম খরচে পোশাক উৎপাদনের যে সুবিধা দেশটিকে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, তা দুর্বল হয়ে পড়েছে। ফলে বৈশ্বিক ব্র্যান্ডগুলো পোশাক সংগ্রহের নতুন উৎস খুঁজছে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, শ্রমিক বিক্ষোভের কারণে উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলারের বেশি। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই শিল্প থেকে। এ ছাড়া উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এ শিল্পের ওপর নির্ভরশীল।

সুবিধা পাচ্ছে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া

অর্ডার সরানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ভারত। পাশাপাশি সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ক্রেতারা ঝুঁকছেন বলে জানিয়েছেন শিল্প খাতের নেতারা।

বুধবার তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর এই চাপ আরও বেড়েছে। গত চার দশকের মধ্যে এবারের মজুরি বৃদ্ধির হার সবচেয়ে কম।

শ্রমিকদের দাবি ছিল, মজুরি দ্বিগুণেরও বেশি বাড়াতে হবে। কিন্তু তাদের দাবির তুলনায় অনেক কম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের পর পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষ হয়। যদিও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারাফদার বলেছেন, মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত ‘সন্তোষজনক’। শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

শিল্প খাতের নেতারা বলছেন, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের যে সুবিধা ছিল, তা আরও কমে আসবে। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাকশিল্পের মানদণ্ডে এই মজুরি এখনো কম।

নাম প্রকাশ না করার শর্তে তিন কারখানার মালিক জানিয়েছেন, অস্থিরতার কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার, সেলিওসহ বিভিন্ন বৈশ্বিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নিয়েছে। এসব অর্ডারের বড় অংশ পেয়েছে ভারত।

বিজিএমইএর পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি, পরিষেবা ও কাঁচামালের বাড়তি ব্যয় উৎপাদনকারীদের ওপর চাপ বাড়াচ্ছে।

তিনি বলেন, ‘ক্রেতারা যখন কম দাম চাইছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে, ঠিক তখনই মজুরি বৃদ্ধির কারণে ব্যয় আরও বেড়েছে।’

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম বলতে চাননি। তবে তিনি বলেন, সাময়িকভাবে কিছু অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়ার ফলে শিল্প খাতের প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতি কমিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে পারছে।

আরও ব্যবসা হারানোর শঙ্কা

কারখানার মালিকদের আশঙ্কা, ইতিমধ্যে যেসব অর্ডার অন্য দেশে সরানো হয়েছে, ভবিষ্যতে সেগুলোর পাশাপাশি নতুন ক্রয়াদেশও হারাতে পারে বাংলাদেশ। পোশাক কোথা থেকে সংগ্রহ করা হবে, তা নতুন করে মূল্যায়ন করছেন ক্রেতারা।

মহিউদ্দিন চৌধুরী বলেন, সরবরাহকারী বাছাইয়ের ক্ষেত্রে ক্রেতারা এখন দামের চেয়ে পণ্য সরবরাহের সময়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘ব্র্যান্ডগুলো যখন নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহের চাপে থাকে, তখন দামের বিষয়টি গৌণ হয়ে যায়।’

মহিউদ্দিন চৌধুরীর ভাষ্য, ভারত থেকে ক্রেতারা প্রায় এক সপ্তাহ আগে পণ্য সরবরাহ পেতে পারেন। অন্যদিকে ভিয়েতনাম ও কম্বোডিয়া সরবরাহের সময়সীমা ১৫ দিন পর্যন্ত কমিয়ে আনতে পারে।

তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী উৎপাদনকেন্দ্রগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও পণ্য সরবরাহ সম্পন্ন করতে পারে। বাংলাদেশে এ সময় লাগে প্রায় ১২০ দিন।

উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানাগুলোতে কাজের চাপ জমে গেছে। ঢাকার আশপাশের কারখানাগুলো আনুমানিক ২০ থেকে ২৫ দিনের উৎপাদন সময় হারিয়েছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করতে কিছু কারখানা অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।

পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান আলপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, অস্থিরতার প্রভাব ইতিমধ্যে নতুন ব্যবসার ওপর পড়তে শুরু করেছে।

তিনি বলেন, ‘১ নভেম্বর থেকে অস্থিরতার কারণে আমার বেশির ভাগ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। তারা আমাদের জানাচ্ছেন, আমাদের অর্ডার অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। তারা ইতিমধ্যে বিকল্প ব্যবস্থাও খুঁজে নিয়েছেন।’


শিল্প খাতের নেতারা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে স্থিতিশীল পরিবেশ এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেছেন, অস্থিরতার সময়ে অন্য দেশে সরিয়ে নেওয়া অর্ডার পরিস্থিতির উন্নতি হলেও আর বাংলাদেশে ফিরে নাও আসতে পারে।


তিনি বলেন, ‘সাময়িকভাবে অর্ডার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি উৎস নির্বাচনে পরিণত হওয়ার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প রয়েছে। অস্থিরতা চলতে থাকলে তারা আমাদের জন্য অপেক্ষা করবে না।’ সূত্র: রয়টার্স

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম