শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদকে ভূষিত অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুর উপর তথাকথিত বৌদ্ধ সমিতির নেতাদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মহেশখালী ভিক্ষু সমিতি ও মহেশখালীতে বসবাসকারী বৌদ্ধ ধর্মের অনুসারীরা।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৪টার সময় কেন্দ্রীয় সৈকত বিহার সংলগ্ন জনতা বাজার ঘোরকঘাটা সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহেশখালী কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দয়ানন্দ মহাস্থবির,সঞ্চালনা করেন রাঙ্গুনিয়া সোনাইছড়ি রাজবন বিহারের উপাধ্যক্ষ নন্দপ্রিয় স্থবির এতে বক্তব্য রাখেন ছিলোনিয়া জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ,মহেশখালী ভিক্ষু সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ডাঃ এম প্রিয়বোধি স্থবির,কেন্দ্রীয় সৈকত বিহারের আবাসিক সুমনপ্রিয় ভিক্ষু,আকিতন বড়ুয়া ,পলাশ বড়ুয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন,শিক্ষাবিদ অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবীরের উপর নিজ আবাসে (চট্টগ্রাম বৌদ্ধ বিহার) গত ৮ মার্চ তথাকথিত বৌদ্ধ সমিতির নেতারা অতর্কিত হামলা চালায় পরে পুলিশের হস্তক্ষেপে ড. জিনবোধি ভিক্ষু বেঁচে যায়।অতর্কিত হামলাকারী তথাকথিত বৌদ্ধ সমিতির ওই নেতাদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে মানববন্ধন শেষ করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম