চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনে দেশে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ১৭ হাজার ৩৩১ কোটি টাকা। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১১০ কোটি ৯ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৭ দশমিক ১ শতাংশ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা রয়েছে। অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১ হাজার ১৪৬ কোটি ৬০ লাখ ডলার। নভেম্বরের প্রথম ১০ দিনের রেমিট্যান্স যোগ করলে অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনেই মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৫৮ হাজার ৩৫০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে ২৯৬ কোটি ৭৫ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার এবং অক্টোবরে ২৮৭ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে আগস্টে প্রবৃদ্ধি ছিল ২২ দশমিক ৫ শতাংশ, সেপ্টেম্বরে ৩ শতাংশ এবং অক্টোবরে ১২ দশমিক ১ শতাংশ। অর্থাৎ সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি অনেকটা কমে গেলেও অক্টোবরে আবার বেড়েছে।
নভেম্বরের প্রথম ১০ দিনের প্রবৃদ্ধিও রেমিট্যান্স প্রবাহে নতুন গতি ফেরার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর একদিনেই দেশে এসেছে ১২ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা।
মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স প্রবাহে ওঠানামা থাকলেও সামগ্রিকভাবে প্রবৃদ্ধি ইতিবাচক।
অর্থবছরের প্রথম মাস জুলাইতে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। এরপরের আগস্ট মাসে তা দাঁড়ায় ২৯৬ কোটি ৭৫ লাখ ডলার। গত বছরের একই মাসের তুলনায় যার প্রবৃদ্ধি ২২ দশমিক ৫ শতাংশ। টাকায় প্রায় ৩৬ হাজার ৫০১ কোটি।
এদিকে গেল সেপ্টেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই মাসের তুলনায় যার প্রবৃদ্ধি ৩ শতাংশ। টাকায় প্রায় ৩৪ হাজার ২২২ কোটি। এরপরের অক্টোবর মাসে দেশে আসে ২৮৭ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স। ২০২৫ সালের একই মাসের তুলনায় যা ১২ দশমিক ১ শতাংশ বেশি। টাকার অংকে প্রায় ৩৫ হাজার ৩৪৬ কোটি।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে রেমিট্যান্স প্রবাহ জুলাইয়ের তুলনায় বেড়েছিল। তবে সেপ্টেম্বরে তা কমে যায়। অক্টোবর মাসে আবার রেমিট্যান্স প্রবাহ বাড়ে।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৬১ কোটি ৬০ লাখ ডলার বা ১৪ দশমিক ৪ শতাংশ।
অন্যদিকে, গত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩ হাজার ৫৫৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। এর আগের অর্থবছরে এসেছিল প্রায় ৩ হাজার ৩২ কোটি ডলার। ফলে দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে রেমিট্যান্সের গুরুত্ব আরও বেড়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম