কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে আসছে মৃত কচ্ছপ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উখিয়া সোনারপাড়ায় পাওয়া যায় দু’টি মৃত ‘মা কচ্ছপ’। এদের পেটে মিলেছে ১৮৫টি ডিম।
সকালে উখিয়ার সোনারপাড়া সৈকতে সর্বশেষ দু’টি মৃত মা কচ্ছপ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
তিনি জানান, ভেসে আসা মৃত মা কচ্ছপগুলো অলিভ রিডলি প্রজাতির। ডিম দিতে উপকূলে আসার সময় জালে বা অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে এদের মৃত্যু হতে পারে। জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজার সমুদ্র উপকূলে এভাবে ভেসে এসেছে অন্তত ৪১টি মৃত কচ্ছপ।
এর আগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সৈকতের হিমছড়ি প্যারাসেলিয়ং পয়েন্টে ভেসে এসেছে ৯৫টি ডিম পেটে থাকা একটি মা কচ্ছপ। গত রোববার (১৮ ফেব্রুয়ারি) কক্সবাজার সমুদ্র উপকূলে আবারও ভেসে আসে তিনটি মৃত মা কচ্ছপ। যাদের পেটে মিলেছে ৩১০টি ডিম। এর আগে ১৭ ফেব্রুয়ারি সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে আরও একটি মৃত মা কাছিম ভেসে আসে। এটার পেটে ছিল ৯০টি ডিম। তার আগে গত তিন দিনে উপকূলে দেখা মিলেছে তিনটি মৃত ডলফিন, একটি মৃত পরপইস ও একটি কচ্ছপ।
বোরি’র দেওয়া তথ্য মতে, জানুয়ারি থেকে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত কক্সবাজার সমুদ্র উপকূলের সোনাদিয়া, হিমছড়ি, সোনারপাড়া, ইনানী ও টেকনাফ সৈকত এবং পেঁচার দ্বীপ এলাকায় ১০টিসহ মোট ৪১টি মৃত কচ্ছপ পাওয়া গেছে। শুধু মাত্র ছয় দিনে সৈকতে পাওয়া গেছে আটটি মৃত মা কচ্ছপ।
এ প্রাণীগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধানে সমুদ্র বিজ্ঞানী ও সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ। তিনি বলেন, সাগরে সামুদ্রিক প্রাণীদের আবাসস্থলের কোথাও কোনো সমস্যা তৈরি বা আঘাত পেয়ে এ প্রাণীগুলো মরছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম