স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে কক্সবাজারের সরকারি-বেসরকারি দুটি হাসপাতালে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অনির্ধারিত এই অভিযান চলে জেলার বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ইউনিয়ন হাসপাতাল লিমিটেডে ও কক্সবাজার ২৫০ শয্যার সরকারি সদর হাসপাতালে।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) মইনুল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের ২৫০ শয্যার সরকারি সদর হাসপাতাল সংলগ্ন বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ইউনিয়ন হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সেখানে বেশ কিছু অনিয়ম দেখতে পান। প্রতিষ্ঠানটিতে আইসিইউ, সিটি স্ক্যানের অনুমোদন না থাকলেও সেবা দুটি দেওয়া হচ্ছিল।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসক, নার্স না দেখতে পেয়ে ম্যানেজারের কক্ষে যান। সেখানে তাকে ধুমপানরত অবস্থায় পান।
হাসপাতালের অন্যান্য সুযোগ-সুবিধা ভালো না থাকার পরও সেখানে অনেক রোগীর ভর্তি দেখে স্বাস্থ্যমন্ত্রী বিষ্ময় প্রকাশ করেন।
এসময় মন্ত্রী বলেন, একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, ম্যানেজার নিজেই ধুমপান করেন। অথচ রোগী এত ভর্তি হলো কী করে সেটি খতিয়ে দেখতে হবে। এরসঙ্গে, অবৈধভাবে এখানে আইসিইউতে রোগী ভর্তি রাখা হচ্ছে। অথচ আইসিইউ অনুমোদন নেই।
তিনি বলেন, আইসিইউ চালানোর দক্ষ লোকবল নেই। এসব অনিয়ম দেশের সর্বত্রই এতদিন করা হলেও এখন থেকে আর কেউ পার পাবে না।
ডা. সামন্ত লাল সেন আরও বলেন, এসব প্রতিষ্ঠানের মালিকদের নিজ নিজ অবৈধ স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ রাখতে আমি প্রথমে বুঝিয়ে বলেছি। কেউ শুনেছে কথা, কেউ শোনেনি।
তিনি বলেন, আমি আবারও তাদের অনুমোদনহীন অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দিতে অনুরোধ করছি। যারা বন্ধ করছে না, আমি এখন তাদের বিরুদ্ধে আইনগত উপযুক্ত ব্যবস্থা নেবো।
স্বাস্থ্যমন্ত্রী এর কিছু সময় পর কক্সবাজারের আড়াইশ বেডের সরকারি সদর হাসপাতালে যান। সেখানে গিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে চিকিৎসক, নার্সদের হাজিরা খাতা অনুযায়ী উপস্থিতি পর্যবেক্ষণ করেন।
মন্ত্রী হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। সরকারি হাসপাতালে সেবা বৃদ্ধিতে আরও কী করতে হবে সে ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম