বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কক্সবাজার শহীদ সরণি সড়কে আগামীকাল সোমবার দুপুর ১টায় এই সমাবেশ ডেকেছিল কক্সবাজার জেলা বিএনপি। পরে একই জায়গায় কক্সবাজার জেলা যুবলীগ পাল্টা সমাবেশের ডাক দেয়।ফলে শহরে একই জায়গায় বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আগামীকাল সোমবার ভোর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কক্সবাজার শহরে অবস্থিত বিএনপি অফিস সংলগ্ন শহীদ সরণি সড়ক ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
আজ রোববার সন্ধ্যায় ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান। পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
বিএনপির সমাবেশে অংশ নিতে ইতিমধ্যে কক্সবাজারে কেন্দ্রীয় নেতারা পৌঁছেছেন বলে কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না জানিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।