শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

কক্সবাজারে পরীক্ষামূলক ট্রেন চলবে ২ নভেম্বর: রেলমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-16 18:57:00
কক্সবাজারে পরীক্ষামূলক ট্রেন চলবে ২ নভেম্বর: রেলমন্ত্রী

চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেললাইন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দোহাজারী স্টেশন থেকে মোটর ট্রলিতে করে নতুন এই রেললাইন দিয়ে কক্সবাজার যান তিনি।

সোমবার সকাল ১০টার দিকে দোহাজারী স্টেশন থেকে মোটর ট্রলিতে করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন মন্ত্রী। এর আগে তিনি কালুরঘাট সেতুর মেরামতের কাজ পরিদর্শন করেন।

মন্ত্রী বলেন, ১২ নভেম্বর কক্সবাজার রুটের ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২ নভেম্বর এই রুটে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে দেখা হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্পের পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা, সেতু প্রকৌশলী জিসান দত্তসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দোহাজারীতে রেললাইন পরিদর্শনকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজের সর্বশেষ অগ্রগতি ঘুরে দেখছি। প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। অল্প কিছু কাজ অবশিষ্ট রয়েছে। চলতি মাসের মধ্যে এসব কাজ শেষ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘রেললাইনের কাজ শেষ হলেও কয়েকটি স্টেশনের কিছু কাজ বাকি থাকবে। এগুলোও দ্রুত শেষ করতে কাজ চলছে।’ 

ভাড়া নির্ধারণের বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ভাড়া নির্ধারণ করা হবে। তবে আমরা উন্নত যাত্রীবাহী কোচ দেওয়ার বিষয়টি যাচাই-বাছাই করছি। এছাড়া যাত্রীবাহী ট্রেন কতটি, মালবাহী ট্রেন কতটি তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ভাড়ার বিষয়টিও পরে জানানো হবে।’

রেলওয়ে পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রেললাইনটি এখন ট্রেন চলাচলের উপযোগী অবস্থায় রয়েছে।’

তিনি বলেন, ‘নতুন ব্রিজ না হওয়া পর্যন্ত কালুরঘাট ব্রিজটি যাতে ব্যবহার করতে পারি, সেইভাবে সংস্কার করা হচ্ছে। আমাদের যে ওয়েটের ইঞ্জিন বা লোকমেটিভ ছিল তা ১২ টনের। অনেক ঝুঁকিপূর্ণ ছিল ব্রিজটি। এ কারণে ব্রিজটির ধারণ ক্ষমতা যাতে বাড়ানোর যায়, তার জন্য আমরা প্রকল্প গ্রহণ করেছি। ইতোমধ্যে কাজ চলমান আছে।’ 

সকাল সাড়ে ৮টায় মন্ত্রী কালুরঘাট ব্রিজের পশ্চিম প্রান্ত থেকে পায়ে হেঁটে সংস্কার কাজ পরিদর্শন করেন। এরপর ব্রিজের পূর্ব প্রান্তে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

রেলওয়ে জানায়, বুয়েট প্রকৌশলীদের পরামর্শে কালুরঘাট ব্রিজ সংস্কার করছে রেলওয়ে। এ সংস্কার কাজে ব্যয় হচ্ছে প্রায় ৫৫ কোটি টাকা। 
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম