চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ফের আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিপোর ভেতর অবস্থিত একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউটিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি জানান, এটি বড় কোনো অগ্নিকাণ্ড নয়। দ্রুতই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছি।
এর আগে গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর এক বিস্ফোরণ ঘটে সেখানে। এতে আগুন ছড়িয়ে পড়ে ডিপোটির বিভিন্ন জায়গায়।
ওই ঘটনায় প্রথম দুই দিনে দমকলকর্মীসহ ৪১ জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের মৃত্যু হয় এবং ডিপোতে কয়েকটি দেহাবশেষ পাওয়া যায়। সব মিলিয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯ জনে। আহত হন দুই শতাধিক মানুষ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম