চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে মহানগর উত্তর, দক্ষিণ ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা শুরু হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সভা শুরু হয়। মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাহাঙ্গীর কবির নানক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিমসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভার শুরুতে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতারা।
বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এই সভায় তিনি ৩০টি প্রকল্প উদ্বোধন ও চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে দুই সপ্তাহ ধরে নেতাকর্মীর মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। পুরো মহানগর ছেয়ে গেছে ব্যানারে-পোস্টারে। পথে পথে বানানো হয়েছে তোরণ, করা হয়েছে আলোকসজ্জা।সকাল থেকেই ব্যান্ডপার্টি, সাজানো নৌকা নিয়ে রংবেরঙের পোশাক পরে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে যেতে থাকেন। সভাকে ঘিরে পুরো নগর লোকে লোকারণ্য হয়ে উঠেছে।
এর আগে সবশেষ ২০১২ সালে চট্টগ্রাম নগরীর জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার জনসভার জন্য ১০ বছর অপেক্ষা করেছে নগরবাসী। মাঝে শুধু একবার ২০১৮ সালে মার্চে চট্টগ্রামের পটিয়া উপজেলায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম