দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। আত্মহননকারী যুবকের নাম মোহাম্মদ মহি উদ্দিন(২৮)। তিনি উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব কাটগড় রৈয়জার বর বাড়ির নুর মোহাম্মদের ছেলে। ঘটনাটি ঘটে আজ সোমবার সকাল সাড়ে ১০টার সময় পূর্ব কাটগড় নির্মানাধীন রেল লাইনের পরিত্যক্ত একটি ঘরে।
আত্মহত্যার কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে হতে পারে।
জানা যায়, অধিকাংশ সময়ই মহি উদ্দিন নেশাগ্রস্ত থাকতেন। এ নিয়ে পরিবারে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। রাতের বেলায় হয়ত স্ত্রী’র সাথে ঝগড়া বিবাদের কারণে রাতের যে কোন সময় ওই ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারেন। সকালে স্থানীয়রা মহি উদ্দিনের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আবদুল গফুর মুক্তা গলায় ফাঁস দিয়ে মহি উদ্দিনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। মহি উদ্দিন ১ ছেলে ও ১ মেয়ের জনক। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। মাঝে মাঝে দিনমজুরের কাজও করতেন বলে জানা যায়।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মা-বাবার সাথে মহি উদ্দিনের কোন যোগযোগ নাই। মহি উদ্দিন পূর্ব কাটগড় এলাকায় বসবাস করেন। তার মা বাবা পৃথকভাবে অন্য জায়গায় থাকেন।
সাতকানিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম