শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় অবৈধ দখল থেকে খাস জমি উদ্ধার


DhakaReport24.com || 2022-08-11 19:38:30
রাঙ্গুনিয়ায় অবৈধ দখল থেকে খাস জমি উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ দখলদার থেকে ৩ একর ১৮ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। দখল পুনরুদ্ধার করা এসব সরকারি খাস জমির আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।

এর আগে এসব জমিতে দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের উৎখাত ও অবৈধ দখলদাররা স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছিল। উপজেলার বিভিন্ন ইউনিয়নের এসব খাস জমি ভূমিদস্যু ও অবৈধ দখলদার থেকে পুনরুদ্ধার করতে গত ১ আগস্ট থেকে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা রাজস্ব প্রশাসন।

সরকারি খাস জমি উদ্ধারের এ সাঁড়াশি অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খাস জমি থেকে ভূমিদস্যুসহ অবৈধ দখলদারদের নির্মিত সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে লাল পতাকাসহ সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়।

উদ্ধার হওয়া এসব সরকারি খাস জমিতে এবার  গৃহহীন-ভূমিহীন পরিবারের পুনর্বাসনে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করার পরিকল্পনা করছে প্রশাসন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া সহকারী কমিশনার (ভূমি) জামশেদুল আলম। তিনি জানান, "সরকারের পক্ষে খাস জমির কাস্টডিয়ান হিসেবে গত জুলাই মাসে যোগদান পরবর্তী সময় হতেই বিভিন্ন ইউনিয়নে অবৈধ দখলে থাকা খাস জমি চিহ্নিত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের অফিস আদেশ প্রদান করি। এরই ভিত্তিতে ইউনিয়নওয়ারী একটি প্রাথমিক তালিকা হতে যাচাই বাছাই করে এসব জমি উদ্ধার করা হয়েছে।

এতে উপজেলার কাউখালী ইউনিয়নের ডেমিরছড়া নামক স্থানে ৩৭ শতক, চট্টগ্রাম-রাঙ্গুনিয়া হাইওয়ের পাশে জংগল পোমরা নামীয় স্থানে ৯৪ শতক, ঘাগড়া ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তপুর এলাকায় ২৭ শতক, টিসিহাট এলাকার গুমাই ঝিলে ৪০ শতক এবং শিলক ইউনিয়নের জঙ্গল সরফভাটায় ১ একর ২০ শতক খাস জায়গাসহ মোট ৩ একর ১৮ শতক খাস জমি উদ্ধার করা হয়। এখন উদ্ধারকৃত এসব জায়গা সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে"।

এছাড়াও গত ৫ ও ৯ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি ওসমানী এসব খাস জায়গা সরেজমিনে পরিদর্শন করেছেন এবং অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদের নির্দেশনা প্রদান করেছেন বলেও জানান ওই সহকারী কমিশনার (ভূমি) জামশেদুল আলম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি ওসমানী জানান, "উদ্ধারকৃত জায়গাসমূহে গৃহহীন-ভূমিহীন পরিবারের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে। শতক প্রতি ৫০ হাজার টাকা করে ধরেও উদ্ধারকৃত এ খাস জমির সর্বনিম্ন বাজার মূল্য প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা। তবে এসব জমির বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা"।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম