শনিবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার ৭নং বেতাগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার পাহাড় ধসে
সাইমা আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছে।
বিষয়টি আজ সোমবার বিকেলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য (৮নং ওয়ার্ড) সৈয়দ আবুল মনসুর। তিনি জানান "রবিবার রাত ১০টার দিকে এ বিষয়ে জেনেছি। ঘটনাটি হয়তো আরও আগে ঘটেছে। তবে আমি এখনও সরেজমিনে যেতে পারিনি তাই বিস্তারিত বলতে পারছিনা"।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে রান্নাঘরে রান্না করছিলেন নাসেরের স্ত্রী সাইমা আক্তার। তখনও বৃষ্টি হচ্ছিলো। ভারী বর্ষণে হঠাৎ রাত ৮টার দিকে পাহাড় ধ্বসে রান্নাঘরের ওপর পড়লে সাইমার কোমর পর্যন্ত মাটিতে আটকে যায়। পরে স্থানীয়দের সহায়তায় মাটি সরিয়ে সাইমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাউজানের নোয়াপাড়া এলাকার কসমিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সাইমা। তবে সাইমা আশংকামুক্ত হলেও সে ৭মাসের অন্তঃসত্ত্বা থাকায় তার গর্ভের সন্তানের কি অবস্থা তা জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে গত ক'দিনের টানা বৃষ্টি ও ভারী বর্ষণের ফলে চট্টগ্রামে পাহাড় ধ্বসের আশংকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার জন্য মাইকিং থেকে শুরু করে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী বলেন, "আমরা পাহাড় ধ্বসে যেনো কোনো হতাহতের ঘটনা না ঘটে এ জন্য আমরা মাইকিং থেকে শুরু করে বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছি। আমরা আশ্রয়কেন্দ্রের পাশাপাশি জরুরী যোগাযোগের জন্য হটলাইনও খুলেছি। পাহাড় ধ্বসে যেনো কোনো হতাহত না হয় এ বিষয়ে আমরা নজর রাখছি। তবে পাহাড় কাটার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি, পরে আমরা এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবো"।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম