চট্টগ্রামের মিরসরাইয়ে নিবন্ধন না থাকায় লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ওয়েল ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে দু’টি প্রতিষ্ঠানের প্যাথলজি কার্যক্রম বন্ধ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (১৫ জুন) উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে অবস্থিত প্রতিষ্ঠান দুইটিতে অভিযান চালিয়ে বন্ধ রাখার নির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বুধবার বারইয়ারহাট পৌর বাজারে ১টি হাসপাতাল ও ২টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ওয়েল ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় তাদের প্যাথলজি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
তবে প্রতিষ্ঠান দুইটি ডাক্তারের চেম্বার চালু রাখতে পারবে। এছাড়া কমপোর্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সকল কাগজপত্র আপডেট পাওয়া গেছে।
এসময় নিবন্ধনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা আরিফুল ইসলাম, অফিস সহকারী ইফতেখার উদ্দিন উপস্থিত ছিলেন।
এরআগে গত ৪ জুন নিবন্ধন না থাকায় ১টি হাসপাতাল, ৩টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও একটি ফিজিওথেরাপি সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিলো।
সেসময় বন্ধকৃত প্রতিষ্ঠানগুলো হলো বড়তাকিয়া চক্ষু হাসপাতাল, নিউ মোহাম্মদিয়া ল্যাব, আবুতোরাব ডায়াগনস্টিক সেন্টার, রিয়েল ডায়াগনস্টিক সেন্টার ও মিরসরাই ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম