বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফেনী

ফেনীতে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


DhakaReport24.com || 2024-02-06 20:32:00
ফেনীতে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেনীর ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকা থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ।) সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯নং পিলার সংলগ্ন পূর্ব ছাগলনাইয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এই ঘটনার পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলেও এ বিষয়ে কোনও সুরাহা হয়নি।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে হঠাৎ পূর্ব ছাগলনাইয়া এলাকার এক বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে গুঞ্জন শুনে স্থানীয়রা খবর নিতে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়। তাৎক্ষণিক হঠাৎ বিএসএফ পুনরায় এগিয়ে এসে বাংলাদেশিদের ধাওয়া শুরু করে। একপর্যায়ে তারা সেখান থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যায়।

আটককৃতরা হচ্ছেন— পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন (১৯), রাইসুল ইসলাম (১৯), সামিন (৪০), হারুন (২৩), লিটন (৩০), মাঈন উদ্দিন (২০), রাধানগর এলাকার মহসিন (২৫), কাজী রিপন (৪০), তাজুল ইসলাম সাকিল (২২), হানিফ (৩৫), আবুল হাসান (৩০),  ইমরান (২২), রুবেল (২৮), জাফর ইমাম মজুমদার (৪০), মো. ওবায়দুল হক (৪৪), জামাল উদ্দিন (৪০), আরিফ হোসেন (২৪), করিম (২০), ছাগলনাইয়া এলাকার মটুয়া এলাকার খোরশেদ (৩৮), আজাদ হোসেন (২৫), মাহিম (২৫), হারুন (৩২), ইমাম হোসেন (২২)।

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সোমবার রাতের ঘটনায় মঙ্গলবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চোরাকারবারির অভিযোগে ২৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএসএফ এবং বৈঠকে আটককৃতদের একটি তালিকা বিএসএফ এর পক্ষ থেকে বিজিবিকে সরবরাহ করা হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র আমাদের হাতে এসেছে। এ বিষয়ে আমরাও আইনগত প্রক্রিয়া গ্রহণ করবো।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম