ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও থ্রিপিস (লেহেঙ্গা) উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ইউপি সদস্য সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানায়,গতকাল রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের হাসপাতাল মোড়স্থ ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে ফেনী টু ছাগলনাইয়া রাস্তার উপর গোয়েন্দা পুলিশের একটি দল অবস্থান নেয়। সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশী করলে ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৫১৫ পিস ভারতীয় শাড়ী ও ৭ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করা হয়।
এসময় ভারতীয় পণ্য পাচারের ঘটনায় গাড়ী থেকে রাধানগর ইউনিয়নের মৃত শরিয়ত উল্লাহর ছেলে মোকামিয়া পূর্ব মধুগ্রাম ওয়ার্ডের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন অভি(৩৫),তার সহযোগি একই এলাকার পূর্ব মধুগ্রাম আজিজ উল চৌধুরীর ছেলে নুর আলম তুষার চৌধুরী(২৮), কাভার্ডভ্যান চালক ছাগলনাইয়া পূর্ব মধুগ্রামের ঈদগাহ নতুন বাড়ি আবুল বশরের ছেলে শাহাদাত হোসেন(১৮) ও চালকের সহযোগি একই এলাকার দক্ষিণ আধার মানিক শাহ আলম ড্রাইবার বাড়ির আবু তাহেরের ছেলে আবদুল হালিমকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান তাঁরা ছাগলনাইয়া রাধানগর ইউনিয়নের মোকামিয়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৪০)ও চট্টগ্রাম জেলার সাতকানিয়ার মুন্না(৩৫) সহ সীমান্তবর্তী এলাকা দিয়ে পরস্পর যোগসাজশে চোরাই পথে বাংলাদেশে নিয়ে এসে ফেনী সহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অধিক মুনাফায় বিক্রয় করতো।
আটককৃত আসামিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় এই সংক্রান্ত আইনে মামলা দায়ের করা হয় এবং পলাতক আসামিদের গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম