ইউনুছ শিকদার:
নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় সুবর্ণচর থেকে ৯ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ নয়জনের মধ্যে দুইজন শিশুও রয়েছে।শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের থানারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলেন, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ১১নং ক্লাস্টারের মো.সালামের ছেলে নূর কাসেম (১৯),৭৩নং ক্লাস্টারের নজিবুল্লার ছেলে করিমুল্লাহ (২২), ৫০ ক্লাস্টারের আমির হোসেনের ছেলে হোসেন জদ্দার (২৭), ৭৪নং ক্লাস্টারের খলিল আহমদের ছেলে ইউনুস, ৮৬নং ক্লাস্টারের করিম উল্যার স্ত্রী সৈকত তারা,৮১নং ক্লাস্টারের নূর কাসেমের স্ত্রী রাজুর মা, ৬৮নং ক্লাস্টারের মৃত খাইরুল আলমের স্ত্রী পারভিন(২৫), খাইরুল আলমের মেয়ে ঝরনাতলা (৭) এবং ছেলে নূরুল ইসলাম (৪)।
রোববার (২৬ জুন) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টার দিকে সুবর্ণচর উপজেলার থানারহাট বাজারে ঘোরাঘুরি করছিলেন কয়েকজন রোহিঙ্গা। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করলে রোহিঙ্গা বলে স্বীকার করেন তারা । পরে রাত পৌনে ২টার দিকে তাদের চরজব্বর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা স্বীকার করেছেন যে, দালালের মাধ্যমে তারা ভাসানচর থেকে কক্সবাজারের কুতু পালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছেন। স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওযা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম