দেশের মানুষ আর হাওয়া ভবন এবং খোয়াব ভবন দেখতে চায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, দেশ এবং জাতি আর বিএনপি-জামায়াতের দুর্বৃত্তের শাসন দেখতে চায় না। শেখ হাসিনার ওপর দেশবাসীর পূর্ণ আস্থা রয়েছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।’
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, বিএনপি-জামায়াতের আমলে দেশ সবক্ষেত্রে পিছিয়েছে। আমরা তরুণ প্রজন্মকে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাব। দ্রুত দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করব।
শিক্ষা নিয়ে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভিন্ন দেশের ছবি এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। ইসলামের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার দেশে কখনো ইসলামের ক্ষতি হবে না। আপনাদের সবাইকে সচেতন হতে হবে।’
দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে এ মাসেই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন এদেশের মানুষ। একটা পরাধীন প্রদেশ থেকে একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছেন। আমরা এখন যেসব পথে হাঁটছি সে পথ বঙ্গবন্ধু দেখিয়েছিলেন। তিনি আমাদের সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। আমরা সেই পথে এ দেশকে সমৃদ্ধ দেশে পরিণত করছি। দেশের মানুষ আর হাওয়া ভবন এবং খোয়াব ভবন দেখতে চায় না। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন।
আরও বক্তব্য দেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. জামাল নাসের, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ ইসমাইল প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন পাঁচ শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম