বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, ২৬ নভেম্বর কুমিল্লায় গণসমাবেশে জন সমুদ্র হবে। অকল্পনীয় মানুষের উপস্থিতি তৈরী হবে। কুমিল্লা মহানগরীর যত ভোটার আছে, তাদের মধ্যে মহিলা ছাড়া সব পুরুষই সমাবেশে অংশ নিবে। শুধু কুমিল্লা মহানগরীর যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কল্পনা করতে পারি, কুমিল্লার বাকি উপজেলা এবং অন্য তিন-চারটা জেলা থেকে কি পরিমাণ মানুষ হবে।
আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির গণ-সমাবেশ সফল করতে শুক্রবার জুমার নামাজ শেষে কান্দিরপাড়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপির সমাবেশে আসতে নেতা-কর্মীদের বাঁধার শিকার হতে হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করি না কুমিল্লার গণসমাবেশে আসতে কেউ বাঁধার শিকার হবে। আমরা বিগত জনসমাবেশগুলো থেকে বুঝতে পারছি, সরকার তাদের ভুল বুঝতে পারছে। আমরা তো বিশৃঙ্খলা তৈরী করতে চাই না, বরং আমরা জনগণের কথা জনগণের দাবীই সরকারকে বুঝাতে চাই। কুমিল্লা টাউন হলে সমাবেশের অনুমতি আমরা পেয়েছি।
পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি শুক্রবার কান্দিরপাড় মসজিদে মুসল্লিদের কাছে লিফলেট দিয়ে গণসমাবেশে আসার আহ্বান জানান।
এ সময় হাজী আমিন উর রশিদের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন, সৈয়দ জাহাঙ্গীর আহমেদ, আবদুর রউফ চৌধুরী ফারুক, আতাউর রহমান ছুটি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি নাদিমুর রহমান শিশির, মহানগর ছাত্রদল সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বিএনপি নেতারা কান্দিরপাড় ও বাদুরতলায় সাধারণ মানুষের কাছে গণসমাবেশে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে লিফলেট বিতরণ করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম