চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতাদের সাথে শিক্ষামন্ত্রী এক মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের মন্ত্রীর কদমতলা বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্যই আমাদের এই মতবিনিময়। একাধারে ৩ মেয়াদে ক্ষমতায় থাকার কারণে আমাদের নিজেদের মধ্যেও কিছু ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে। এসব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে আমাদেরকে নৌকার পক্ষে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সামনে আমাদের সদস্য সংগ্রহের জন্য ফরম বিতরণ করা হবে। সেখানে নিজেদের গ্রুপ ভারি করার জন্য যাকে-তাকে দলে ডেকে আনবেন না। মনে রাখবেন যারা জয় বাংলা ও বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, তাদেরকে দলে এনেও কোনো লাভ হবে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য ঘোয়াল অনেক ভালো।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।
পরে শিক্ষামন্ত্রী দিপু মনি ব্যক্তিগত অর্থায়নে দলীয় অসহায় নেতাকর্মীদের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম