শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভাড়া তিনগুণ


DhakaReport24.com || 2026-02-10
গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভাড়া তিনগুণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চারদিনের ছুটি ঘোষণা করায় শিল্পাঞ্চল গাজীপুরের মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৫০ কিলোমিটার জুড়ে নজিরবিহীন যানজট দেখা দিয়েছে। এ সুযোগে তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা- ময়মনসিংহ সড়কে দেখা যায় এমন দীর্ঘ যানজটের চিত্র। ৫০০ টাকার ভাড়া ১২০০ থেকে ১৫০০ চাওয়া হচ্ছে। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা রাজেন্দ্রপুর চৌরাস্তায় ও মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন বলে জানা গেছে। এদিকে জেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী কলেজ গেইট থেকে মাওনা চৌরাস্তা ও গাজীপুরের ভোগড়া এলাকা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানজট রয়েছে। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে যানবাহন। 

এর আগে গতকাল সোমবার বিকেল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকার চারশতাধিক শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হলে সন্ধ্যার পর থেকে ঘরমুখী মানুষের ঢল বাড়তে থাকে সড়কে। দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ চন্দ্রা বাস টার্মিণাল এলাকায় যাত্রীদের উপচে পড়ে ভিড় সৃষ্টি হয়। রাতভর যানবাহনে অপেক্ষায় থাকা লোকজন আজ সকাল থেকে বাস ট্রাক, পিকাপসহ বিভিন্ন বাহনে করে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন। যানজট নিরসনে চন্দ্রা বাস টার্মিনাল, গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সোহাগ নামে এক যাত্রী বলেন, গতকাল ছুটি পেয়ে রাতেই বাড়ির উদ্দেশ্যে বের হয়েছি। কিন্তু প্রচুর জ্যমের কারনে গাড়ি চলছেনা। পরে আজ সকালে এসে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছি। এখন আবার ৬০০ টাকার ভাড়া চাচ্ছে ১৫০০ টাকা। 

পোশাক শ্রমিকরা জানান, রাস্তায় প্রচুর যানজট, কোন গাড়িতে ন্যায্য ভাড়ায় উঠতে পারছি না। পুরা একটা সিন্ডিকেট বানিয়ে ফেলেছে।  এখানে প্রশাসনের কোন দায়িত্ব পালন করতেও দেখছিনা। 

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর বাসের চালক আব্বাস উদ্দিন জানান, যাত্রী নিয়ে রাত ১ টার দিকে সাভারে এসে পৌছেছি। এর পর থেকে সকাল হয়েছে চন্দ্রা বাস কাউন্টার পর্যন্ত আসতে। তিনি বলেন, যাত্রীর চাপ অতিরিক্ত থাকায় পরিবহনের ভাড়া বেড়ে গেছে। অনেক গাড়ি যানজটে আটকে আছে। 

গাজীপুর রিজিয়নের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাউগাতুল আলম বলেন, নির্বাচন উপলক্ষে শিল্প কারখানা ছুটি হয়েছে। শিল্প কারখানায় কর্মরত শ্রমিকরা বাড়িতে যাচ্ছেন। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা মহাসড়ক স্বাভাবিক রাখতে কাজ করছে। তবে পরিবহনের ভাড়া বেশি থাকায় কোথাও কোথাও যাত্রীরা বিশৃঙ্খলা করেছে। আমরা ভাড়ার বিষয়টিও দেখছি। যারা অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম