গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার ( ২ মার্চ) সকাল এবং দুপুরে উপজেলার মৌচাক স্টেশনের পাশ থেকে এবং মহানগরীর কোনাবাড়ি খোলাপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিহতদের একজন হলেন, নীলফামারীর ডুমুর উপজেলার মুকুটপাড়া গ্রামের হাকিমের ছেলে রাব্বানী (২৫)। সে স্থানীয় একটি কারখানার শ্রমিক। তবে কোনাবাড়ি খোলাপাড়া এলাকায় অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার (২ মার্চ) বেলা ১১ টার দিকে রাব্বানী কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলগেট সংলগ্ন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁর কানে হেডফোন লাগানো ছিলো। এমন সময় পেছন থেকে ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করেন।
অপরদিকে সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি খোলাপাড়া রেললাইনে এক যুবকের ছিন্ন বিচ্ছিন্ন লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা কোনাবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কোনাবাড়ি থানার উপপরিদর্শক সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে তাঁর পরিচয় এখন নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু রেললাইনে লাশ পাওয়া গেছে এজন্য রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে রওনা হয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম