শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন


DhakaReport24.com || 2024-01-03 12:49:15
গাজীপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের ভেতরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিরুজালী সরকারপাড়া বাজারে অস্থায়ী কার্যালয়ে আগুনের এ ঘটনা ঘটে।

বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, রাতে পিরুজালী ইউনিয়ন পরিষদ ভবনে হঠাৎ করে আগুন লাগে। স্থানীয়রা দেখতে পেয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা  করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, পরিষদের আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসি। প্রথমে স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ভবনে থাকা সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে। আগুনে ইউনিয়ন পরিষদের কয়েকটি কম্পিউটারসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, রাতে খবর পাওয়ার পর জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আসবাবপত্র, কয়েকটি কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, পিরুজালী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আগুন লাগার খবরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম