মাদারীপুর জেলার শিবচরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শিবচরের এক্সপ্রেসওয়ের হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন মহাসড়কে প্রথমে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে গ্রামীণ পরিবহনের একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে।সেখানে একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে যাত্রীদের উদ্ধার করার সময় ঢাকাগামী অপর একটি যাত্রীবাহী বাস উদ্ধাররত স্থানীয়দের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই আরও তিনজনের মৃত্যু হয়।
এ সময় আহত হন কমপক্ষে ৫ জন। এদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের বাঁচামারা এলাকায় মাদারীপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে পেছন দিক থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মো. খলিল মাতুব্বর (৫৮) নামে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার এক ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে। এমন সময় গোপালগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী পরিবহন স্থানীয়দের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই বাঁচামারা এলাকার মোস্তফা শিকদার (৫৮), রোকেয়া বেগম (৪০) ও ভ্যানচালক মো. লিটু মারা যান।
শিবচর হাইওয়ে পুলিশ জানায়, প্রাইভেটকারের সঙ্গে গ্রামীণ পরিবহনের বাসের দুর্ঘটনাটি প্রথম ঘটে। স্থানীয়রা উদ্ধার করতে এলে তাদের অন্য একটি বাস চাপা দেয়। গ্রামীণ পরিবহনের বাসটি আটক করা হলেও অপর যাত্রীবাহী বাসটি আটক করা সম্ভব হয়নি।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।