প্রতিনিয়ত জেমসের সঙ্গে এক মঞ্চে গান গাওয়ার স্বপ্ন দেখেছেন রুপম। অবশেষে কলকাতার মঞ্চে আগামী ৩ মার্চ তার স্বপ্ন পূরণ হচ্ছে।
এদিন প্রথমবারের মতো জেমসের নগরবাউলের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবে রুপমের ফসিলস। কনসার্টের প্রচারণায় ইতোমধ্যে অনলাইনে বিভিন্ন ইভেন্ট চালু করেছে আয়োজক কমিটি।
ফোরাম ফর দুর্গোৎসবের আয়োজনে কনসার্টে প্রধান আকর্ষণ রাখা হয়েছে নগরবাউল জেমসকে। কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে করা হয়েছে এ আয়োজন। দুই বাংলার মেলবন্ধন স্লোগানে কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘লিজেন্ডস কাম টুগেদার’।
জেমস ও ফসিলসের ছবি দিয়ে কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ৪৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে টিকিট। কনসার্টে দুই ব্যান্ড ছাড়া স্থানীয় শিল্পীরাও পারফর্ম করবে।
এর আগে গেল বছরের ৮ ডিসেম্বর ফসিলস ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটি কনসার্ট করে। যেখানে জেমসের সঙ্গে তাদের গান গাওয়ার কথা ছিল। তবে শিডিউল ব্যস্ততায় জেমস তখন লন্ডনে থাকায় এক মঞ্চে আর গান গাওয়া হয়নি তাদের।
নগরবাউলে বর্তমান সদস্যসংখ্যা চারজন। তারা হলেন- জেমস (ভোকাল), আহসান এলাহি ফান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (লিড গিটার) ও তালুকদার সাব্বির (বেজ গিটার)।
ফসিলস ব্যান্ডের বর্তমান সদস্যসংখ্যা পাঁচজন। তালিকায় আছেন- রুপম ইসলাম (ভোকাল), অ্যালেন (গিটার), দীপ ঘোষ (বেজ গিটার), চন্দ্রমৌলি বিশ্বাস (গিটার) ও তন্ময় (ড্রামস)।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম