‘হাওয়া’ সিনেমার নায়িকা তুষি ভাসছেন হাওয়ায়। কারণ, সিনেমাটি মুক্তির পর থেকেই ‘গুলতি’ চরিত্রে অভিনয়ের জন্য অনেক মানুষের কাছ থেকে পাচ্ছেন সাড়া এবং কুড়াচ্ছেন প্রশংসা। এবারই প্রথম তুষির জীবনে এমন ঘটনা। যার কারণে তিনি আবেগী হয়ে পড়েছেন রীতিমতো।
তুষি বলেন, এটা আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা। পুরো দেশ ভাসছে হাওয়ায়। আমি এ রকম দেখিনি আগে; মানুষের এত ভালোবাসা, সবার এত আগ্রহ। আসলেই আমাদের এই সিনেমাটি দর্শকরাই প্রমোশন করেছেন। তাদের এত আগ্রহ এটাতে যেমন আনন্দ লাগছে, তেমন ভয়ও লাগছে, আমার মিশ্র অনুভূতি হচ্ছে। আমি জানি না কী বলবো।
অভিনেত্রী নাজিফা তুষি আরও বলেন, আমার প্রথম ভিন্নধর্মী চরিত্রের কাজ হচ্ছে ‘হাওয়া’। আমি বলবো এটা দিয়ে ক্যারিয়ারের জার্নি শুরু। সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো করার। যখন ‘হাওয়া’র সঙ্গে যুক্ত হলাম তখন জীবন-যাপনের মধ্যে ছিলাম না। আমি বলবো, অভিনয় শিল্পী হয়ে ওঠার স্কুলিং হচ্ছে ‘হাওয়া’। সিনেমাটি করার আগে কোনো থিয়েটার, কোনো ধরনের অভিনয়ের কর্মশালা, অভিনয় কীভাবে করতে হয় সেই রাস্তাটা আমি জানতাম না। এই সিনেমার মাধ্যমে সেটা শিখেছি। আমার ডিরেক্টর, টিম সাপোর্ট করেছে। এখন সবার ভালো লাগলেই আমাদের কষ্ট-জার্নি সফল হবে। আশা করি আপনাদের এই ভালোবাসা জারি থাকবে। তুষি অভিনীত প্রথম সিনেমা ‘আইসক্রিম’। এ ছাড়াও ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম