সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করার পর ভারতে চেতানা রাজ (২১) নামে এক টিভি অভিনেত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় বেঙ্গালুরুর একটি হাসপাতালে এ অভিনেত্রী মারা যান বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
নিজেকে আরও বেশি সুন্দর করতে প্লাস্টিক সার্জারি করান অনেক অভিনেতা-অভিনেত্রী।
মারা যাওয়া ২১ বছর বয়সি ওই অভিনেত্রী বেসরকারি একটি হাসপাতালে ‘ফ্যাট ফ্রি’ সার্জারির জন্য ভর্তি হয়েছিলেন। সেখানে তার মৃত্যু হয়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাবা-মাকে না জানিয়ে এক বন্ধুকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চেতানা।
সোমবার সকালে সার্জারির পর এদিন সন্ধ্যায় তার শরীর অবস্থার অবনতি ঘটতে থাকে। ফুসফুসে পানি জমতে থাকে।
মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করেছেন চেতানার বাবা-মা। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম