রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

অবসন্ন মনের যত্ন নেওয়া বেশি জরুরি: শ্রীলেখা


DhakaReport24.com || 2022-05-16 21:27:45
অবসন্ন মনের যত্ন নেওয়া বেশি জরুরি: শ্রীলেখা

তরুণ অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যুতে  শোকাচ্ছন্ন কলকাতার বিনোদন জগত। কলকাতার গড়ফা এলাকায় অভিনেত্রীর বাসা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, এটা আত্মহত্যা নাকি খুন।

পল্লবীর রহস্যজনক মৃত্যুর খবরে শোকাহত শ্রীলেখা মিত্রও। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমার প্রস্তাব, প্রত্যেক ইউনিট থেকে প্রতি মাসে সবার (অভিনেতা, অভিনেত্রী) মনস্তাত্ত্বিক মূল্যায়ন করা দরকার।’

রোববার নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার সংবাদ পান শ্রীলেখা। কিন্তু এই আনন্দ স্থায়ী হলো না। পল্লবীর খবর পেয়েই মন বিষণ্ণ হয়ে ওঠে তার। শ্রীলেখা বলেন, ‘সমস্ত আনন্দ যেন থমকে গেল! ভীষণ বিষণ্ণ আমি। মাত্র ২৫-এই আরও একটি সম্ভাবনা ঝরে গেল। এবং আবারও প্রমাণিত, বিনোদন দুনিয়ায় নিরাপত্তাহীনতা, টক্কর, অবসন্নতার শিকড় গভীরে গেঁথে বসেছে। এর থেকে যেন মুক্তি নেই!’

কেন বারবার তরুণ প্রজন্মের শিল্পীরা আত্মহননের পথ বেছে নিচ্ছে? এমন প্রশ্নের জবাবে শ্রীলেখা বলেন, ‘একাধিক কারণ রয়েছে। আমরা পরিণত হয়ে বিনোদন দুনিয়ায় পা রেখেছিলাম। ৩০০ টাকা দিয়ে উপার্জন শুরু। আস্তে আস্তে সেটা বেড়ে ৫০০, ৭০০ টাকা হয়েছে। এখনকার প্রজন্ম খুব ছোট বয়সে পা রাখছে ইন্ডাস্ট্রিতে। ভালো করে কিছু বুঝে ওঠার আগেই যশ, অর্থ, খ্যাতি, প্রতিপত্তি পেয়ে যাচ্ছে। জীবন বদলে যাচ্ছে রাতারাতি। কিন্তু তাদের মধ্যে সংযম নেই। এরপর সেই বিলাসী জীবন ধরে রাখতে গিয়ে লড়াইয়ে নামতে হচ্ছে। সহজে যা পাওয়া যায়, সহজেই আবার তা হারিয়েও যায়, এটা বোঝে না তারা। ফলে, হতাশা জন্ম নিচ্ছে। লড়াই করতেই শিখছে না কেউ। আগেভাগেই হার মানছে।’

শ্রীলেখা স্পষ্টভাবে জানান, এই সময়ে শিল্পীদের শারীরিক সুস্থতার চেয়ে মানসিক সুস্থতার দিকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তার পরামর্শ, সব বয়সী শিল্পীদের ক্ষেত্রেই মনস্তাত্ত্বিক মূল্যায়ন করা উচিৎ। যে কঠিন সময়ের মধ্যে দিয়ে এ প্রজন্ম যাচ্ছে, তাতে শরীরের থেকেও মনের যত্ন নেওয়া বেশি জরুরি।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম