জামালপুর শিল্পকলা একাডেমিসহ আরো একটি মিলনায়তনে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘গলুই’ সিনেমার প্রদর্শন বন্ধ করে দেয় স্থানীয় জেলা প্রশাসক। একাডেমিতে ‘বাণিজ্যিক সিনেমা প্রদর্শিত হবে না’ ১৯১৮ সালের এমন আইনে ‘গলুই’ প্রদর্শনী বন্ধ করেন এই কর্মকর্তা।
তবে নতুন করে আবার জামালপুরে আসছে শাকিব খান-পূজা চেরী অভিনীত এবং এস এ হক অলিক পরিচালিত এ ছবিটি। গতকাল ১০ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জেলার তিনটি মিলনায়তন ছবিটির প্রদর্শনীর জন্য খুলে দেয়ার কথা বলা হয়েছে।
নতুন তথ্য অনুযায়ী, জেলা সদরের মির্জা আজম মিলনায়তন, মাদারগঞ্জে নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়াম ও ইসলামপুরের ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ছবিটি চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক এস এ হক অলিক।
তিনি বলেন, মঙ্গলবার বিকালে মন্ত্রণালয় থেকে জামালপুরের জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবিটি প্রদর্শনী করার কথা বলা হয়েছে। তাদের এমন সিদ্ধান্তে আমরা খুশি। এই সরকার আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য কাজ করছে, তার প্রমাণ আমরা আবারও পেলাম।
পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের ছবি ‘গলুই’ ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। এর সহপ্রযোজক খোরশেদ আলম খসরু। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান ও পূজা চেরী।আরো অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।
নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ হয়েছে। এটি যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য। সিনেমায় শাকিবের চরিত্রের নাম লালু আর পূজার চরিত্রের নাম মালা। ছবিটির শুটিং হয়েছে জামালপুরের বিভিন্ন স্থানে।
ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম