কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যালয়ের বারান্দায় আগুন লাগলেও ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুখ কাপড়ে ঢেকে কয়েকজন ব্যক্তি দুদক কার্যালয়ের বারান্দা লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। হামলার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। আশপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে ঘটনার পর নগুয়া এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারি অফিস ও আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও বাড়ানো হয়েছে।
দুদকের কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন জানান, রাত ১১টার দিকে কার্যালয় লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বোমাগুলো গ্রিলের ফাঁক দিয়ে বারান্দায় গিয়ে পড়ে এবং সেখানে আগুন ধরে যায়। কিছুক্ষণ পর আগুন নিভে গেলেও কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, ঘটনার পর বটতলা এলাকায় টহলরত পুলিশ সদস্যরা সেখানে আসেন। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যান্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম