শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে মিড-ডে মিল প্রকল্পে অনিয়মের অভিযোগ


মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
DhakaReport24.com || 2026-07-19
মদনে মিড-ডে মিল প্রকল্পে অনিয়মের অভিযোগ

নেত্রকোনার মদনে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য সরকারের দেওয়া মিড-ডে মিল প্রকল্পে নিম্নমানের রুটি, কাঁচা কলা ও নষ্ট ডিম দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মদন উপজেলায় গত ২৯শে মার্চ থেকে ৯৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১১,৮০০ জন শিক্ষার্থীকে প্রতিদিন রোস্টার অনুসারে রুটি, ডিম, দুধ ও কলা বিতরণ করে আসছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু প্রকল্প শুরুর পর থেকেই একের পর এক অভিযোগ উঠে আসছে ঠিকাদারদের বিরুদ্ধে। শিক্ষকদের দাবি, এ বিষয়ে একাধিকবার লিখিত অভিযোগ করলেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।

রোববার (১৯শে জুলাই) উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-২-এ সরেজমিনে গিয়ে নিম্নমানের রুটি ও নষ্ট ডিম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী পায়েল এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী অজুফা আক্তার ও স্বপ্না আক্তার বলে, "আমাদেরকে নষ্ট ডিম, কাঁচা কলা ও মেয়াদোত্তীর্ণ রুটি দেওয়া হয়। এগুলো খেয়ে আমরা অনেক সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি।"

ঠিকাদারি প্রতিষ্ঠান 'সমতা ট্রেডার্স'-এর পরিচালক মাহবুব জানান, "আমরা তো নিজেরা এসব দেই না, অন্যদের মাধ্যমে সরবরাহ করে থাকি। যদি কোনো অনিয়মের অভিযোগ থাকে তাহলে আমাদেরকে ভিডিও দেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব।"

সহকারী শিক্ষক মানিক মিয়া জানান, গত বৃহস্পতিবারে তাঁদের বিদ্যালয়ে নষ্ট ডিম দেওয়া হয়েছিল। তাঁরা ৩৫টি নষ্ট ডিম ফেলে দিয়েছেন, যার ভিডিও তাঁর কাছে রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন সুলতানা বলেন, "এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে আমরা লিখিত অভিযোগ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।"

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা জানান, "আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মিটিং করেছি, কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সমাধান আসেনি।"

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম