নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উব্ধাখালি নদীতে নৌকায় পানি ওঠা বন্ধ করতে গিয়ে নদীতে ডুব দিয়ে এক নৌ শ্রমিক নিহত হয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় উব্ধাখালি নদীতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক বশির মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামের ডেন্ডু মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের বড়ছড়া থেকে কয়লা বোঝাই একটি ষ্টীলবডি বড় নৌকা সোমবার বিকেলে কলমাকান্দা উপজেলা সদরে উপব্দাখালী নদীতে আসে। ওই নৌকার মাঝিমাল্লা দলের সদস্য ছিলেন নৌ শ্রমিক বশির মিয়া। নৌকার কয়লা নামানোর পর কলমাকান্দা সদরের উব্ধাখালী ব্রিজ ঘাটে থাকা ওই নৌকায় পানি ওঠতে শুরু করে।
এক পর্যায়ে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বশির মিয়া নৌকার তলা দিয়ে পানি ওঠার কারণ দেখতে বা বন্ধ করতে নদীতে ডুব দেন। এরপর বশির পানির নিচ থেকে আর ফিরে আসেননি। পরে তার সঙ্গীরা তাকে খুঁজতে নদীতে নামে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্থানীয় জেলেদের সহযোগিতায় নদীতে জাল ফেলে বশিরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান রাত পৌনে ১১টার দিকে গণমাধ্যমকে বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো বলেন, নৌকায় পানি ওঠায় তলদেশ চেক করতে গিয়ে ডুব দেন ওই শ্রমিক। পরে তিনি আর পানির নিচ থেকে ফিরে আসেননি। ঘটনার তদন্ত চলছে। স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম