শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফরিদপুর

বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল


DhakaReport24.com || 2023-06-22 19:42:45
বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় আধা মণ দুধ দিয়ে গোসল করেছেন মো. মিজান মোল্যা (২৪) নামের এক যুবক।

বুধবার বিকেলে উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মিজান মোল্যার সাথে ৯ মাস আগে মুসা মোল্যার মেয়ে নূরজাহান আক্তারের (২২) বিয়ে হয়। তারা প্রেম করে বিয়ে করলেও বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ মেটাতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়। এর মধ্যে দুই মাস আগে স্ত্রী নূরজাহান নারী ও শিশু আদালতে নির্যাতন ও যৌতুকের মামলা করেন। পরে স্বামী মিজান বিচ্ছেদের একটি মামলা করেন।

আদালত পাল্টাপাল্টি মামলার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সালিশের মাধ্যমে সমাধানের আদেশ দেন। বুধবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মো. বাবর আলীর বাড়িতে দুই পক্ষের উপস্থিতিতে বিচ্ছেদের মধ্যে দিয়ে মামলার নিষ্পত্তি হয়। মামলা নিষ্পত্তিতে মিজান মোল্যা খুশি হন এবং আধা মণ দুধ দিয়ে গোসল করেন।

এ বিষয়ে মো. মিজান মোল্যা বলেন, বিয়ের তিন মাস পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। নূরজাহান আমার নামে মামলা করে। মামলার একপর্যায়ে আমি নিয়ত করি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলে আধা মণ দুধ দিয়ে গোসল করব। নিয়ত পূর্ণ করলাম।

স্থানীয় ইউপি সদস্য বাবর আলী বলেন, নারী ও শিশু আদালত থেকে ইউনিয়ন পরিষদে সালিশের মাধ্যমে সমস্যা সমাধানের নির্দেশ দেয়া হয়। বুধবার দুপুরে উভয় পক্ষের সম্মতিতে ও সবার উপস্থিতিতে তাদের খোলা তালাক হয়। আমরা খোলা তালাকের কপি বৃহস্পতিবার আদালতে জমা দেব।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম