পা দিয়ে লিখে এবার এইচএসসি পরীক্ষা সম্পন্ন করেছে ফরিদপুরের নগরকান্দার শারিরীক প্রতিবন্ধী জীবন সংগ্রামী জসিম মাতুব্বর (১৮)।
জন্ম থেকেই দুটি হাত না থাকায়, ইতিমধ্যে সে পা দিয়ে লিখে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন। ফরিদপুর সিটি কলেজের (বিএম) শাখার শিক্ষার্থী জসিম এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।
জসিম জানায়, তার সবগুলো পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষার ফলাফল ভালো হবে বলে আশাবাদী সে। জসিম তার নিজের লেখাপড়া চালিয়ে নেওয়ার পাশাপাশি, দরিদ্র মা-বাবার সংসারের হাল ধরতে চান। তাই সে স্বাবলম্বী হওয়ার সংগ্রামে নেমেছেন!
জসিম লেখাপড়ার পাশাপাশি, নগরকান্দা উপজেলা সদর বাজারে একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করে লেখা পড়ার খরচ চালাচ্ছেন। পা দিয়ে দক্ষতার সঙ্গে মোবাইলের সার্ভিসিং করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে। এছাড়াও গত বছর তাকে বিভিন্ন হাট বাজারে আনারস ও বাঙ্গি, তরমুজ বিক্রি করতে দেখা গেছে।
সে উপজেলার কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি এবং তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পাশ করেন। মানুষের মতো মানুষ হওয়ার দুর্বার বাসনায়, শত বাধা উপেক্ষা করে অসম্ভবকে সম্ভব করার দৃঢ় প্রত্যয়ে নানা প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে, শুধু ইচ্ছাশক্তি দিযে এ পর্যন্ত এগিয়ে এসেছে জসিম।
জসিম উপজেলার কদমতলী গ্রামের উত্তরপাড়ার দরিদ্র কৃষক হানিফ মাতুব্বর ও গৃহিণী তছিরন বেগমের ছেলে। চার ভাই এক বোনের মধ্যে জশিম সবার বড় । বাড়ি ও ফসলি জমিসহ সম্পত্তি বলতে মাত্র আট শতাংশ। সাত সদস্যের সংসার চালাতে অন্যের জমিতে কাজ করে সংসার চালাতে হয় বাবাকে। তাই তো দুবেলা সন্তানদের মুখে ভাত তুলে দিতেই হিমশিম খেতে হয় তাকে। এ অভাবের সংসারে অতি কষ্টে লেখাপড়া করছেন প্রতিবন্ধী জসিম।
শারিরীক প্রতিবন্ধী জসিম ভালো ক্রিকেট খেলতে পারে, ভালো গানও গাইতে পারে। জসিম লেখা পড়া শেষ করে, শিক্ষক হতে চায়। আলোকিত মানুষ গড়ার কারিগর হওয়ার, প্রবল বাসনা তার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম