ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৭টি দোকান ভস্মীভূত হয়েছে। উপজেলার কাইচাইল ইউনিয়নের ইমাম বাড়ী বাজারের মসজিদ মার্কেটে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানাগেছে শুক্রবার রাতে বাজারের ব্যবসায়ী তৈয়াব বেপারীর মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের ৭টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্থ দোকানের মধ্যে তৈয়াব ব্যাপারীর মুদি দোকান, রহিম ভূইয়ার ঔষধের দোকান, মাসুদ মিয়ার জুতার দোকান, সাইদ মিয়ার ফলের দোকান, টুলু মাতুব্বরের মুদি দোকান, বিশ্বজিতের সেলুন ও চান মিয়ার হোটেল রয়েছে।
ক্ষতিগ্রস্ত রহিম ভূইয়া বলেন, আমার ঔষধের দোকানে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল ছিলো। তা সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি আরো জানান, আমার পাশের দোকান তৈয়ার বেপারীর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
তৈয়ার ব্যাপারী বলেন, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ীতে গিয়ে ঘুমিয়েছি। হঠাৎ চিল্লাচিল্লি শুনে বের হয়ে দেখি বাজারে আগুন লেগেছে। এলাকাবাসী অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। খোঁজ নিয়ে যতটা জেনেছি তৈয়ার বেপারীর দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম