শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-04-03 14:55:15
জীবননগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার

ঈদুল ফিতরকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার। ব্যস্ত সময় পার করছেন কাপড় বিক্রেতারা। জীবননগর পৌর শহরের বিপণি বিতানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় দেখা গেছে। 

উপজেলা শহরের তরফদার মার্কেট, কেবি মার্কেট, উপজেলা মার্কেট, কৃষি মার্কেটসহ উপজেলার ছোট-বড়ো বাজারগুলোতেও ঈদ উপলক্ষে পোশাক বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাপড়ের দোকান, পাঞ্জাবির দোকান, কসমেটিক্সের দোকান, জুতার দোকান এবং মুদিদোকানগুলোতে ক্রেতাদের সমাগম বেশি। উপজেলার বিভিন্ন মার্কেটগুলোতে ঘুরে দেখা গেছে, ঈদ কেনাকাটায় সকল দোকানেই মহিলাদের উপস্থিতি বেশি। বেশ কিছু আধুনিক মানের শপিং কমপ্লেক্স ও মান সম্পন্ন কাপড়ের দোকান থাকায় পার্শ্ববর্তী উপজেলার লোকজন ঈদের কেনাকাটা করতে জীবননগরে চলে আসেন। প্রিয় জনকে ঈদের উপহার দিতে ও নিজের পছন্দমতো কেনাকাটা করতে নারী, পুরুষ ও শিশুরা অভিভাবকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিপণি বিতানগুলোতে ভিড় করছেন। শেষ মুহূর্তে কসমেটিকস ও জুতার দোকানগুলোতেও ভিড় বাড়ছে।

কাদিমুল এহসান নামে এক ক্রেতা জানান, তিনি জীবননগর বাজারে মেয়ের জন্য পোশাক কিনেছেন। তবে এ বছর দাম একটু বেশি। মুকুল মিয়া নামে একজন ক্রেতা জানান, তিনি পৌরশহর বাজারে শিশুদের জন্য কাপড় কিনেছেন। কাপড়ের মান কিছুটা ভাল হলেও দাম বেশি।

আলমগীর নামে এক ক্রেতা জানান, তিনি জীবননগর বাজারে কেনাকাটা করতে এসেছেন। তিনি এবছর একটি পাঞ্জাবি ও প্যান্ট কিনেছেন। তবে আগের বছরের তুলনায় দাম বেশি।
জীবননগর বাজারের সবচেয়ে পুরাতন গার্মেন্টস ব্যবসায়ী নাশির উদ্দিন বলেন, জীবননগর বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত সুনামের সহিত ব্যবসা করে আসছেন। বিভিন্ন উপজেলা থেকে লোকজন জীবননগরে কেনাকাটা করতে আসেন। জীবননগরে সুলভ মূল্যে কাপড় পাওয়া যায়।

জীবননগর বাজারের বিশ্বাস বস্রালয়ের মালিক জহুরুল হক বলেন, এ বছর ঈদে বাচ্চাদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। বেশ ভালোই বেচাকেনা চলছে। ঈদের আরো কয়েকদিন বাকি রয়েছে সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, জীবননগরে বিপণি বিতানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বাজারগুলোতে যেন কোন ধরনের অপরাধ সংগঠিত না হয়, সে জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। হাট-বাজারগুলোতে পুলিশিং নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাছাড়া পুলিশি পোশাকের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও অব্যাহত আছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম